News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৪, ২১ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ মানে শহিদের রক্তের সঙ্গে বেইমানি: সাখাওয়াত হোসেন

গণভোটে ‘না’ মানে শহিদের রক্তের সঙ্গে বেইমানি: সাখাওয়াত হোসেন

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়াকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদের রক্তের সঙ্গে বেইমানি বলে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পুনর্গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, মূলত তারাই ‘না’ ভোটের দিকে ঝুঁকবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে ড. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকারের পক্ষে সরাসরি সংবিধান পরিবর্তন করা সম্ভব নয় বলেই জনগণের দ্বারস্থ হতে হয়েছে। এই গণভোটের মাধ্যমে জনগণ যদি ‘হ্যাঁ’ পক্ষকে বিজয়ী করে, তবে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও এই সংস্কারের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। 

তিনি সতর্ক করে বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে ক্ষমতা আর এককভাবে কুক্ষিগত হবে না বরং তা ভাগাভাগি হবে। এর ফলে নির্বাচন পদ্ধতিতে নিরপেক্ষ ব্যক্তিরা আসীন হবেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই পরিবর্তনের প্রধান হাতিয়ার হচ্ছে ‘জুলাই সনদ’। তাই অরাজকতা ও গুম-খুনের সংস্কৃতি বন্ধ করতে এবং ভবিষ্যতে কোনো শাসক যেন নিজেকে ‘লাটবাহাদুর’ মনে না করেন, সেজন্য এই সংস্কার অপরিহার্য। 

আরও পড়ুন: ‘এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে’

তিনি বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। এই সংস্কারের সুযোগ বারবার আসে না।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ এখন আর আগের মতো ডাণ্ডা মারে না বা গুলিও করে না—আমরা তা করতে দিই না। 

বিগত সরকারের আমলের বর্বরতার কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে সরকারের হুকুমে নাগরিক হত্যা করে ভ্যানগাড়িতে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা কোনো ইতিহাসে দেখা যায়নি। সেই স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানোই এই সরকারের লক্ষ্য।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে মাফিয়াদের দৌরাত্ম্য নেই এবং বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। 

গত রমজানেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে সরাসরি প্রতিনিধি না থাকায় কিছু কাজে সীমাবদ্ধতা থাকলেও সরকার প্রতিটি অঞ্চলে সুষম বণ্টন ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা করছে।

উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে এক প্রশ্নের জবাবে ড. সাখাওয়াত হোসেন জানান, ক্যাবিনেটে সব উপদেষ্টার সম্পদের বিবরণ জমা দেওয়া আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে যে কেউ ক্যাবিনেটের ওয়েবসাইটে গিয়ে এই তথ্য দেখতে পারবেন।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এবং অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় গণভোটে ভোটার উপস্থিতি বাড়ানো, অপপ্রচার রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়