News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ১৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান

নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এতে কোনো দলের পক্ষ নেওয়ার সুযোগ নেই।

রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সঙ্গে দরবার এবং কর্মকর্তাদের সঙ্গে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। এ সময় ঢাকার বাইরে অবস্থানরত সেনাকর্মকর্তারাও অনলাইনে সভায় যুক্ত হন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না। ভোটের মাঠে পেশাদারত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সেনাপ্রধান বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নিতে হবে, যাতে সব শ্রেণির মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। ভোটকেন্দ্র ও মাঠের নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের এই ক্রান্তিলগ্নে সেনাসদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে।

আরও পড়ুন: ঢাকায় ২,৪১,০০০ অটোরিকশা-ভ্যান চলার দাবিতে আল্টিমেটাম

এ সময় সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্য নিয়ে সতর্ক করেন। তিনি কর্মকর্তা ও সৈনিকদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উসকানিতে প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দেন। পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যাতে নির্বাচনের সময় কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়