News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ১৮ জানুয়ারি ২০২৬

দল নিষিদ্ধ হলেও ব্যক্তি নয়: ইসি মাছউদ

দল নিষিদ্ধ হলেও ব্যক্তি নয়: ইসি মাছউদ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানিতে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

শুনানিতে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেন জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী।

লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।

এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।

আরও পড়ুন: ‘বিএনপির আপত্তিতে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন’

সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের শুনানি এদিন সকাল সোয়া ১০টার দিকে শুরু হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়