News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৭, ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর শুরু হওয়া কঠোর অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য ‘বোঝা’ হতে পারেন বলে এমন অভিবাসীদের প্রবেশ ঠেকানো এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধ করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, তালিকাভুক্ত দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া ততদিন স্থগিত থাকবে, যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর বর্তমান ভিসা যাচাই ও অনুমোদন প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন শেষ করছে।

স্থগিতাদেশের আওতাভুক্ত দেশগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটানের পাশাপাশি রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল এবং নাইজেরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশও রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

আরও পড়ুন: কাতার থেকে মার্কিন সেনা সরাচ্ছে ওয়াশিংটন

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের ওপর জোর দিয়ে আসছেন। নতুন এই আদেশের ফলে উচ্চশিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক লাখো আবেদনকারী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এ সিদ্ধান্তকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়