‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মহান দায়িত্ব পালনে বিজিবির নবীন সৈনিকদের সদা জাগ্রত থাকতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শৃঙ্খলা হলো সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে কখনো পিছপা না হওয়াই প্রকৃত সৈনিকের পরিচয়। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ২৩ বছরের ঐতিহ্যবাহী বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকষ, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনী। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আস্থা অর্জন করেছে।
তিনি জানান, বিজিটিসিএন্ডসি বিগত ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে সীমান্ত প্রহরী হিসেবে গড়ে তুলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচকে সফলভাবে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিশেষভাবে ১০৪তম রিক্রুট ব্যাচে ৩০২৩ জন (পুরুষ ২৯৫০, মহিলা ৭৩) রিক্রুটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউ প্রতিনিধি দল
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








