News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২০, ১২ জানুয়ারি ২০২৬

ভোটের নিরাপত্তায় থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের নিরাপত্তায় থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার সদস্যের মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, সারাদেশে মোট এক হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে, যা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে আনসার সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে- এমন কোনো অনৈতিক, পক্ষপাতমূলক কিংবা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

নবীন আনসার সদস্যদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, দেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করতে হবে। আইনের শাসন রক্ষা, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকা এবং নতুন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র আপিল শুনানি শুরু

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়