ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১-২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।
এর আগে, শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শেষ করা হয়। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন পেন্ডিং রাখা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল বিবেচনা করেছে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর, ৭ জনের আপিল নামঞ্জুর, এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকা প্রার্থীদের বিভিন্ন সময় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যা, হোটেলকর্মী মিলন আটক
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








