মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়: ফয়েজ আহম্মদ
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। ছবি: সংগৃহীত
নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ফয়েজ আহম্মদ বলেন, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নিহতের ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, যেখানে একে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ মেলেনি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে দেওয়া বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাম্প্রদায়িক সহাবস্থানের জন্য ঝুঁকি তৈরি করে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জানান, মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড নিয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অতীতে তারা বিভিন্ন ঘটনায় নিরপেক্ষ অবস্থান থেকে সরেজমিন তদন্ত করেছেন। এ কারণে বর্তমানেও কোনো ঘটনায় উদ্বেগ তৈরি হলে তথ্য যাচাই-বাছাই এবং প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন
ফয়েজ আহম্মদ বলেন, ভুল তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পড়লে তা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








