আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি রোববার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) ৭০টি আপিলের শুনানি করে, যার মধ্যে ৫৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় শুনানি শেষে ইসি এ তথ্য জানায়।
ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া ৬টি আপিল পরবর্তী শুনানির জন্য পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ইসি আরও জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর এবং দ্বিতীয় দিন রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
আগামী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন।
আরও পড়ুন: নির্বাচন-গণভোটের জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টা
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








