News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ১১ জানুয়ারি ২০২৬

সহিংসতা রুখতে ১৬ সংস্থার সঙ্গে ইসির সমন্বয় বৈঠক

সহিংসতা রুখতে ১৬ সংস্থার সঙ্গে ইসির সমন্বয় বৈঠক

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইসি সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই জরুরি সমন্বয় সভাটি আহ্বান করা হয়েছিল। সকাল ৯টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে সকাল ১০টা পর্যন্ত।

বৈঠকের শুরুতেই কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সারা দেশে নির্বাচন সংক্রান্ত সমন্বয় কমিটির কাজে বিদ্যমান সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি আসন্ন নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে মোকাবিলা করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোরালো ও কার্যকরী ভূমিকা পালন করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নির্বাচন ও গণভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ছক চূড়ান্ত করাই ছিল এই সভার মূল এজেন্ডা।

আরও পড়ুন: ওআইসির সদস্য দেশের সার্বভৌমত্ব আপসযোগ্য নয়: তৌহিদ হোসেন

সমন্বয় সভায় দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক।

এ ছাড়াও জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১৬টি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়ে নিজ নিজ বাহিনীর প্রস্তুতি তুলে ধরেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা সম্পন্ন হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়