ওআইসির সদস্য দেশের সার্বভৌমত্ব আপসযোগ্য নয়: তৌহিদ হোসেন
ছবি: সংগৃহীত
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো একতরফা সিদ্ধান্ত বা চাপের রাজনীতি মুসলিম বিশ্ব মেনে নেবে না।
শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমালিয়ার একটি নির্দিষ্ট অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছিল।
তিনি জানান, বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে। এই স্বীকৃতির ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর প্রভাব পড়ার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব সৃষ্টি হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করতে ওআইসি এই জরুরি অধিবেশন আয়োজন করেছে।
আরও পড়ুন: প্রতিবেশী দেশগুলোতেও খালেদা জিয়ার পজিটিভ ইমেজ: তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্ম।
তিনি ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার আহ্বানও জানান।
তিনি আরও বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা ও উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির ওপর প্রাধান্য পাবে।
এর আগে, শনিবার সকালে ওআইসির সদস্য দেশগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে বিশেষ অধিবেশনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি জানানো হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








