News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৭, ৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনের জন্য যথেষ্ট ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

নির্বাচনের জন্য যথেষ্ট ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে এখনো অনুকূল ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেছেন, এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যার ভিত্তিতে বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বড় দল হোক বা ছোট দল—সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। এরই মধ্যে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এবং দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনের আমেজ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। 

তার ভাষায়, এখনো নির্বাচনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে।

নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির প্রতি সরকারের পক্ষপাতিত্ব রয়েছে—এমন অভিযোগ নাকচ করে শফিকুল আলম বলেন, কোনো দলের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ সঠিক নয়। সরকার কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দু-একজন মন্তব্য করলেও বাস্তবে এমন কোনো পরিস্থিতি নেই, যার ভিত্তিতে এই অভিযোগ প্রতিষ্ঠিত হতে পারে।

রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রসঙ্গে ওঠা বিতর্কের জবাবে প্রেস সচিব বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণাকে কেউ কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। প্রকৃত অর্থে তিনি শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন জাতীয় নেত্রী। সে কারণেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক বইয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাক্ষরকেও কেউ কেউ রাজনৈতিকভাবে দেখছেন, যা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

নির্বাচন ও গণতান্ত্রিক অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সামনে একটি সংসদ নির্বাচন এবং একটি গণভোট রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই সরকারের লক্ষ্য। 

তিনি বলেন, মুসলমান, সনাতনী, খ্রিষ্টান, বৌদ্ধ, নৃ-গোষ্ঠী কিংবা যারা ধর্ম পালন করেন না—সবাই মিলে একটি ভালো নির্বাচন চান। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শাসনের সুযোগ না থাকে এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে—এটাই প্রত্যাশা।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং থানা ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। সকাল ১০টায় বুড়া পীরের মাজার পরিদর্শনের পর তিনি কালু শাহ (রহ.)-এর মাজারে গিয়ে মোনাজাত করেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে ওই মাজারে বার্ষিক ওরস শরিফ ও সামা কাওয়ালি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মাজারে হামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই ভূখণ্ডে পীর-দরবেশদের হাত ধরেই এসেছে। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, কেউ কোনো জায়গায় যেতে পছন্দ না করলে সেখানে না যাওয়ার স্বাধীনতা তার আছে, কিন্তু ঘৃণা ছড়ানো বা আক্রমণ চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে—সেটিই আমাদের প্রত্যাশা। 

মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আগের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

পরে দুপুর ১২টার দিকে তিনি প্রায় পৌনে তিনশ বছর পুরোনো শিববাড়ী মন্দির পরিদর্শন করেন। 

এ সময় তিনি বলেন, শিববাড়ী মন্দির বাংলাদেশের একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক স্থান, যেখানে দুর্গাপূজার পুরো আয়োজন নারীরাই করে থাকেন এবং পুরুষদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকে না।

পরিদর্শন শেষে শফিকুল আলম বলেন, বাংলাদেশ আমার, আপনার—সব মিলিয়েই বাংলাদেশ। একে অপরের মত, পথ, ধর্ম ও বিশ্বাসকে সম্মান করাই এই দেশের প্রকৃত শক্তি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়