যাচাই-বাছাই শেষে নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যমতে, সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
ইসি জানায়, এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এর বিপরীতে ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
যাচাই-বাছাই শেষে অঞ্চলভিত্তিক বৈধ প্রার্থীর সংখ্যা হলো- ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থী ১৩৮ জন, বাতিল ৫৬টি। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭৪টি বাতিল হয়েছে।
খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছেন ৭৯ জন। বরিশাল অঞ্চলে ১৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩১টি বাতিল হয়েছে। সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ৩৬টি।
ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বাতিল হয়েছে ১১২টি। কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থী ২৫৯ জন, বাতিল ৯৭টি। রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৫৯টি। ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৪৬টি বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যে দেখা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত প্রাথমিক তালিকার বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে ইসি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








