নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
রবিবার (৪ জানুয়ারি) রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্য জনগণের আস্থার প্রতীক। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে সবাইকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।
তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে মাঠপর্যায়ের সদস্যদের দিকনির্দেশনা দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
আরও পড়ন: গুম ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তদন্ত প্রতিবেদন জমা
উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১৮ হাজার ১৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে সর্বমোট ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








