তীব্র শীতে কাঁপছে ঢাকা, কুয়াশায় বিঘ্নিত হতে পারে যোগাযোগ
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে শীতের তীব্রতা আগের তুলনায় আরও বেড়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ।
রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তবে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে পর্যাপ্ত রোদের দেখা না মেলায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি প্রকট হয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে শীতের দাপট, জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সারাদেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করেছে যে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
নিউজবাংলাদেশ.কম/পলি








