News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ৩ জানুয়ারি ২০২৬

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের চেতনায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ (ডিআইটিএফ) উপলক্ষে  বুধবার (৩১ ডিসেম্বর)  দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাণীতে তিনি বলেন, ৩০তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’ উপলক্ষে মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এ মেলা একটি অনন্য আয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশীয় পণ্যের প্রচার ও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এ মেলা দেশীয় গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তারাও এ মেলার মাধ্যমে বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক প্রবণতা সম্পর্কে ধারণা লাভ করছেন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে ভূমিকা রাখতে পারে। এ মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: দেশজুড়ে শীতের দাপট, জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা

ড. ইউনূস বলেন, দেশীয় পণ্যের প্রচার, পণ্য বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রেও এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, মেলায় অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। সবার সক্রিয় অংশগ্রহণে এবারের মেলা সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

সবশেষে প্রধান উপদেষ্টা ৩০তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়