News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৬, ১৫ জানুয়ারি ২০২৬

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই: আপিল বিভাগ

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই: আপিল বিভাগ

ছবি: সংগৃহীত

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।

এর আগে আসন সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেন চেম্বার আদালত। পরে সেই নির্দেশনার ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নজিবুর রহমান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার সম্পূর্ণ অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়