News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৫, ২৪ এপ্রিল ২০২৬

ক্যানসার গোপনের কারণ জানালেন নেতানিয়াহু

ক্যানসার গোপনের কারণ জানালেন নেতানিয়াহু

ফাইল ছবি

অবশেষে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় ৭৬ বছর বয়সী এই নেতা জানান, তিনি প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিলেন এবং সফলভাবে এর চিকিৎসা সম্পন্ন করেছেন। ইরানের সঙ্গে চলমান তীব্র সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে রাষ্ট্রের নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে এতদিন এই তথ্য গোপন রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। 

বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলায় নিজের শারীরিক অবস্থা জনসমক্ষে আনার উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন তিনি।

নেতানিয়াহুর স্বাস্থ্যগত জটিলতার সূত্রপাত মূলত ২০২৪ সালের শেষভাগ থেকে। সে বছরের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তিনি একটি সফল অস্ত্রোপচার করান। যদিও সে সময় বিষয়টিকে ‘ক্ষতিকর নয়’ বা সাধারণ সমস্যা হিসেবে বর্ণনা করা হয়েছিল, তবে অস্ত্রোপচার পরবর্তী নিয়মিত পর্যবেক্ষণের সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি অতি ক্ষুদ্র সূক্ষ্ম দাগ খুঁজে পান। উন্নত ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রাথমিক পর্যায়ের একটি ‘ম্যালিগন্যান্ট’ বা ক্যানসারজনিত টিউমার হিসেবে শনাক্ত হয়। তবে স্বস্তির বিষয় ছিল যে, ক্যানসারটি অত্যন্ত প্রাথমিক স্তরে ছিল এবং শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি।

আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেও মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ‘ইউএসএস বুশ’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে নেতানিয়াহু তার চিকিৎসা গ্রহণের নেপথ্যের দর্শন ব্যাখ্যা করে বলেন, চিকিৎসকরা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন একটি হলো নিবিড় পর্যবেক্ষণে থেকে এটি নিয়ে জীবনযাপন করা, আর অন্যটি হলো চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নির্মূল করা। 

রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ঝুঁকি মোকাবিলায় আপসহীন মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাকে চেনেন, সম্ভাব্য যেকোনো বিপদ সম্পর্কে সময়মতো জানতে পারলে আমি তা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে চাই। জাতীয় পর্যায়ের মতো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও এটি সমানভাবে সত্য। এরই ধারাবাহিকতায় তিনি জেরুজালেমে ‘লক্ষ্যভেদী’ (Targeted Therapy) চিকিৎসা গ্রহণ করেন, যার ফলে বর্তমানে তার শরীরে ক্যানসারের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই।

স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে দুই মাস বিলম্ব করার কারণ হিসেবে নেতানিয়াহু সরাসরি ইরানকে দায়ী করেছেন। 

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর ইরান যেন ইসরায়েলি নেতৃত্বের শারীরিক দুর্বলতাকে পুঁজি করে কোনো ‘মিথ্যা প্রোপাগান্ডা’ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে না পারে, সে জন্য তিনি প্রতিবেদনটি স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। বিশেষ করে গত মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু বা গুরুতর আহত হওয়ার যে গুজব ছড়িয়েছিল, তা রুখতেই এই গোপনীয়তা অবলম্বন করা হয়। 

প্রধানমন্ত্রী কার্যালয়ের চিকিৎসকদের দেওয়া বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, ক্যানসার ছাড়াও ২০২৩ সালের জুলাই মাসে বসানো পেসমেকারটি বর্তমানে একদম সচল রয়েছে এবং নেতানিয়াহুর হৃদযন্ত্রসহ সার্বিক শারীরিক ফিটনেস এখন ‘চমৎকার’ ও স্বাভাবিক।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়