News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৪, ২৬ জানুয়ারি ২০২৬

ফিলিপাইনে ফেরি ডুবিতে নিহত  ১৫

ফিলিপাইনে ফেরি ডুবিতে নিহত  ১৫

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৪০ জনের বেশি যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রার কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাসিলান প্রদেশের এক টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি কোস্ট গার্ডের উদ্ধার অভিযানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রীদের উদ্ধার এবং মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।

এদিকে, বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেরি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ে বিপর্যয়, বাতিল ১৩ হাজার ফ্লাইট

উল্লেখ্য, এর আগে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও থেকে চীনের উদ্দেশে যাত্রাকালে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় দুই ফিলিপিনো নাবিক নিহত হন, ১৫ জন উদ্ধার এবং চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়