News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ৬ জানুয়ারি ২০২৬

নিজ বাসভবনে আহত মাহাথির মোহাম্মদ হাসপাতালে

নিজ বাসভবনে আহত মাহাথির মোহাম্মদ হাসপাতালে

ছবি: সংগৃহীত

নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ। 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপরই ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মাহাথির মোহাম্মদের প্রেস সচিব সুফি ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে নিজ বাসভবনের বারান্দা থেকে লিভিং রুম বা শোবার ঘরে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান ড. মাহাথির। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে আশার কথা হলো, হাসপাতালে নেওয়ার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। 

প্রাথমিকভাবে চিকিৎসকরা আশঙ্কা করছেন, পড়ে যাওয়ার কারণে তার শরীরের নিচের অংশের একটি হাড় ভেঙে গিয়ে থাকতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে তার পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট ও বিস্তারিত বুলেটিন প্রকাশ করার কথা রয়েছে।

আরও পড়ুন: মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, বয়স বিবেচনায় ড. মাহাথিরের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না চিকিৎসকরা। মূলত দুর্ঘটনা-পরবর্তী কোনো অভ্যন্তরীণ জটিলতা রয়েছে কি না, তা নিশ্চিত হতেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট ও মালয় মেইলসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিংবদন্তি এই নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর কুয়ালালামপুরের হাসপাতাল চত্বরে গণমাধ্যমকর্মীরা ভিড় জমিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে শতবর্ষে পা রাখা ড. মাহাথির মোহাম্মদ বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘদিনের হৃদরোগের সমস্যার পাশাপাশি তার হার্টে বাইপাস সার্জারিও করা হয়েছে। এর আগে গত বছরের ১৩ জুলাই শারীরিক ক্লান্তির কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যদিও সেবার প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দ্রুত বাসায় ফিরতে পেরেছিলেন।

ড. মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ৯২ বছর বয়সে বিরোধী জোটের নেতৃত্ব দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব রাজনীতিতে এক বিরল নজির সৃষ্টি করেন তিনি। প্রবীণ এই নেতার অসুস্থতার খবরে মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে তার শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়