ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর ৩ বিমানবন্দর বন্ধ
রাশিয়ার রাজধানী মস্কোতে একযোগে ডজনখানেক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
রবিবার (৪ জানুয়ারি) এ ঘটনায় মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়ার মুখপাত্র আরতেম কোরেনিয়াকো জানান, গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়। পরে ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কি বিমানবন্দর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আংশিকভাবে পুনরায় চালু করা হয়।
সংবাদমাধ্যমটি জানায়, বিমান চলাচল বন্ধ থাকায় একাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার মধ্যে মস্কোর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ভনুকোভোও রয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত ২৭টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
এর আগে, ২০২২ সালে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে একাধিকবার রাশিয়া নিজেদের আকাশসীমা বন্ধ করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় সামরিক সদস্যসহ নিহত অন্তত ৪০
এছাড়া, ইউক্রেন সীমান্তঘেঁষা রুশ অঞ্চল বেলগোরোদের গভর্নর জানান, রবিবার ভোরে একটি পারিবারিক গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং চার বছরের এক শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








