খামেনি হত্যার কঠোর প্রতিশোধের ঘোষণা হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠনহিজবুল্লাহ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠোর ও ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
রবিবার (১ মার্চ) সংগঠনটির প্রধান নাঈম কাসেম এক বিবৃতিতে বলেন, তাদের সর্বোচ্চ নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে দায়িত্ব, তা আমরা শিগগিরই পালন করব। এই শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: ইরানি হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩
এর আগে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়েছে। তার মৃত্যুতে দেশে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








