তেহরানে হামলার পর ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ছবি: সংগৃহীত
ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’
এতে আরও বলা হয়, বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে কাজ করছে এবং প্রয়োজনে পাল্টা আঘাতের মাধ্যমে তা নিষ্ক্রিয় করার প্রস্তুতি রয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয় উল্লেখ করে জনগণকে নিরাপদ স্থানে অবস্থান ও সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান ও অন্যান্য শহরে হামলার প্রতিক্রিয়ায় এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই।’
আরও পড়ুন: ইরানে ইসরায়েলের হামলা শুরু
ইরানি কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, দেশটির ওপর যেকোনো হামলা পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাতে নিমজ্জিত করতে পারে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








