স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ছবি: সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) কোরদোবার কাছে আদামুজ শহরের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
এতে আরও বলা হয়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করছে।
দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, দুর্ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও এর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ ঘটনাকে ‘একটি দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান।
আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় মোট অন্তত ৭৩ জন আহত হয়েছেন।
আরও পড়ূন: গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য: ম্যাক্রোঁ0
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জীবিতদের উদ্ধার করতে গিয়ে অনেক ক্ষেত্রে মরদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে।
রেল কর্তৃপক্ষের কর্মকর্তা আতিফ বলেন, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। সূত্র: বিবিসি নিউজ
নিউজবাংলাদেশ.কম/এসবি








