বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান!
পরিবার গঠনে উৎসাহ দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় অনুদান ঘোষণা করেছে।
দুবাইভিত্তিক আল হাবতুর গ্রুপ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিরাতি নাগরিকদের বিবাহের ক্ষেত্রে ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায়।
রবিবার (১৮ জানুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দুবাইয়ের শীর্ষস্থানীয় ব্যবসায়ী খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে।
পোস্টে খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। পরিবার থেকেই একটি জাতি গড়ে ওঠে এবং সমাজ টিকে থাকে।
তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে তরুণদের পারিবারিক জীবন শুরু করতে নানাভাবে সহায়তা করছে। তবে নাগরিকদের বিবাহ ও পরিবার গঠনে সরকার, বেসরকারি খাত ও সমাজের সম্মিলিত বাস্তব উদ্যোগ প্রয়োজন।
এই প্রেক্ষাপটে তিনি জানান, চলতি বছরে আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহের সিদ্ধান্ত নিলে তাকে ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে। পাশাপাশি বিয়ের দুই বছরের মধ্যে সন্তান জন্ম হলে ওই সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে।
আরও পড়ুন: মাদুরোর দুর্গ জয়: সিআইএকে তথ্য দেয়া কে সেই ‘গাদ্দার’?
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ, যার মধ্যে স্থানীয় নাগরিকের সংখ্যা প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা দিচ্ছে এবং সরকারি ও বেসরকারি খাতে তাদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








