ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের
নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ছবি: রয়টার্স
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।
ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বাহিনী "ভেনিজুয়েলা এবং তার নেতার বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে হামলা" চালিয়েছে।
এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে পরিচালিত অভিযানে মাদুরোর স্ত্রীকেও আটক করা হয়েছে। তিনি শনিবার সকালে একটি বিবৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।
ভেনেজুয়েলায় শক্তিশালী বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মাদুরো
কারাকাসে বিস্ফোরণের আগে "চলমান সামরিক তৎপরতার" কারণে ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন বাণিজ্যিক ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
তবে হামলার ভূমিকা, লক্ষ্যবস্তু বা উদ্দেশ্য সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
কারাকাসে বিস্ফোরণের ফলে মানুষ রাস্তায় ছুটে আসে, আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের শব্দ শুনে এবং দেখে রিপোর্ট করে। হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
হামলাটি ৩০ মিনিটেরও কম সময় ধরে চলেছিল। এরপর আরও হামলা করা হবে কিনা তা স্পষ্ট নয়। হামলার ফলে দুই ঘণ্টারও বেশি সময় শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন ছিল। তবে এসম যানবাহন চলাচল করতে দেখা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








