News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪০, ৩১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫

‘আমি আপনাকে চিনতে পেরেছি’, পাকিস্তানের স্পিকারকে জয়শঙ্করের করমর্দন

‘আমি আপনাকে চিনতে পেরেছি’, পাকিস্তানের স্পিকারকে জয়শঙ্করের করমর্দন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আয়াজ সাদিক আজ ঢাকায় উপস্থিত হয়েছেন।

দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ এই দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কুশল বিনিময় নজরকাড়া ঘটনা হিসেবে ধরা পড়েছে। 

পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, জয়শঙ্কর সরদার আয়াজ সাদিকের সঙ্গে করমর্দন করার সময় নিজ পরিচয় দিয়ে বলেন, “আমি আপনাকে চিনতে পেরেছি।”

পোস্টে আরও বলা হয়েছে, “২০২৫ সালের মে মাসে পাকিস্তান-ভারত সংঘর্ষের পর এটি ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের সংলাপ। পাকিস্তান ইতিমধ্যেই আগ্রাসন ও উত্তেজনা রোধে সংলাপ, সংযম ও সহযোগিতামূলক পদক্ষেপের ওপর জোর দিয়ে আসছে। যৌথ তদন্ত ও শান্তি আলোচনা প্রস্তাবও করা হয়েছে।” ভারতের পক্ষ থেকে এই আলাপচারিতার বিষয়ে এখনও কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

এদিন দুপুরে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সার্কভুক্ত দেশগুলোর ছয় প্রতিনিধি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকের একটি কক্ষে উপস্থিত হন। সেখানে ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। বুধবার তার মরদেহ জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়, যেখানে হাজার হাজার নিরাপত্তাকর্মী সারিবদ্ধভাবে ছিলেন।

বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আয়াজ সাদিকও জানাজায় অংশগ্রহণ করেন।

পরবর্তীতে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

এই অনুষ্ঠানটি কেবল জাতীয় শোকের প্রতিফলন নয়, বরং দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশের উচ্চপর্যায়ের প্রথম প্রকাশ্য সংলাপের সূচনা হিসেবেও গুরুত্ব বহন করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়