News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১ মার্চ ২০২৬

ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৩ বাংলাদেশি আহত

ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৩ বাংলাদেশি আহত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ সংঘাতের জেরে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর এর প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত তিন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে বলা হয়েছে, ইরানের বিভিন্ন স্থাপনায় হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অন্তত ৮০ জন নিহত ও ৯০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে; হতাহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে। তবে হামলায় ইরানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান নিহত হয়েছেন- এমন খবর দেশটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। 

পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে; আবুধাবিতে একজন নিহত হওয়ার তথ্য মিলেছে।

সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে উপসাগরীয় অঞ্চলে। শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। 

তিনি বলেন, সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। সিভিল অ্যাভিয়েশনে ৮০০ জন এবং মন্ত্রণালয়ে আরও ৫০ জনের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে মন্ত্রী জানান।

আরও পড়ুন: লিসবনে রেস্তোরাঁয় গুলিতে আহত ৩ বাংলাদেশি

সংঘাতের মধ্যেই শনিবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়। এতে টার্মিনাল-১ আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন; তাদের মধ্যে অন্তত একজন বাংলাদেশি রয়েছেন। আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দূতাবাস তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কুয়েত টাইমস’ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। 

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, একটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। পূর্বনির্ধারিত জরুরি প্রক্রিয়া সক্রিয় করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে; সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল স্থগিত ছিল।

কুয়েত সরকার এ হামলাকে ‘কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে নেপথ্যের চক্র শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা, নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নগদ অর্থ, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার ও পানি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়। কুয়েতি আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড না করারও আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও পাল্টাপাল্টি হামলার জেরে আঞ্চলিক বিমান চলাচল, প্রবাসী নিরাপত্তা এবং কূটনৈতিক তৎপরতায় অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মিশনগুলো সার্বক্ষণিক সমন্বয় করছে বলে জানিয়েছে সরকার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়