শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১৫ এপ্রিল ২০২৬

প্রাথমিক বৃত্তির অর্থ ও সংখ্যা বাড়ানোর ভাবনা সরকারের: ববি হাজ্জাজ

প্রাথমিক বৃত্তির অর্থ ও সংখ্যা বাড়ানোর ভাবনা সরকারের: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তির অর্থের পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেছেন, বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন নীতিমালায় বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে তা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও বেশি উৎসাহিত হন।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। সরকারের লক্ষ্য হলো এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষা গ্রহণে আগ্রহ বাড়ানো।

পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায় থেকে পাওয়া প্রতিবেদনও ইতিবাচক বলে জানান তিনি।

তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের কিছু প্রত্যাশার কথাও জানা গেছে, যা সরকার বিবেচনায় নেবে।

আরও পড়ুন: দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়