দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ
ফাইল ছবি
দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে অধিদপ্তর বিস্তারিত সময়সূচি প্রকাশ করে।
সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে দেশের তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার ঘোষণা শিক্ষামন্ত্রীর
উল্লেখ্য, ২০০৮ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ায় এটি বন্ধ হয়ে যায়। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার এ পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা স্থগিত ছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








