News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৪, ১২ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের পরীক্ষার সময়সূচি ঘোষণা: এপ্রিলে এসএসসি, জুনে এইচএসসি

২০২৬ সালের পরীক্ষার সময়সূচি ঘোষণা: এপ্রিলে এসএসসি, জুনে এইচএসসি

ফাইল ছবি

দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর পর ধারাবাহিকভাবে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, পরিবহন ও কেন্দ্র ব্যবস্থাপনাসহ সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসলেও করোনা মহামারির প্রভাব ও পরবর্তী বিভিন্ন বাস্তবতায় গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছরও ব্যতিক্রম ঘটছে। 

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়েই পরীক্ষার তারিখ কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে জানানো হয়েছে, ইতোমধ্যে তাদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও পরীক্ষার ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে রয়েছে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।

এইচএসসি পরীক্ষার বিষয়ে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে ২০২৬ সালের ১১ মার্চ থেকে। এর আগে প্রাথমিকভাবে ১ মার্চ থেকে ফরম পূরণের কথা বলা হলেও সংশোধিত বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফল অবশ্যই ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।

বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। সিলেবাস বা পাঠ্যসূচিতে কোনো সংক্ষিপ্তকরণ বা বিশেষ ছাড় থাকছে না।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হলেও শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত সময়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়