২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ
ফাইল ছবি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সুবিধার্থে চূড়ান্ত কেন্দ্র তালিকা উন্মুক্ত করা হয়েছে।
তালিকা অনুযায়ী, প্রশাসনিক জটিলতা এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় মোট ১৭টি মূল পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। এ পুনর্বিন্যাসের পর ঢাকা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মোট সচল কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে বিদেশে অবস্থিত ৭টি কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নতুন তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বোর্ড।
বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে ঢাকায় রয়েছে হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা-৬৯), হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-৭৮) এবং আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় (ঢাকা-৩০)।
আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
ঢাকার বাইরে বাতিল ঘোষণা করা হয়েছে শিবালয়-২ কেন্দ্রের অধীনে রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ, জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।
অন্য বাতিল কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এছাড়া বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীনে লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় এটি বাতিল করা হয়েছে। বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, কেন্দ্র পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে। তবে বিশেষ পরিস্থিতির কারণে কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার চারটি ভেন্যু কেন্দ্র ২০২৬ সালের পরীক্ষা থেকে বহাল রাখা হয়েছে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ঢাকা শিক্ষা বোর্ড চূড়ান্ত কেন্দ্র তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট কেন্দ্রের তথ্য ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








