শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভোট প্রচারণার জন্য ব্যবহার করা যাবে না।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার চিঠি রবিবার ( ১১ জানুয়ায়রি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কিছু প্রার্থী বা তাদের সমর্থক সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাঠ বা হলরুম ব্যবহার অনুমোদন দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এতে আরও নির্দেশ দেওয়া হয়েছে, রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভোট সম্পর্কিত সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ২০২৬ থেকে প্রাথমিকে নতুন ‘মূল্যায়ন পদ্ধতি’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, মাউশি থেকে দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হবে, যাতে প্রতিষ্ঠানগুলো নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








