সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখন বিকেলে নেওয়া হবে।
রবিবার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনা করে এবার পরীক্ষার সময় বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সহিংসতার ক্ষত কাটিয়ে ছায়ানটে ফিরছে প্রাণের স্পন্দন
এবারের নিয়োগ পরীক্ষায় শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন প্রার্থী।
তবে পরীক্ষার সময় পরিবর্তন হলেও অধিদপ্তরের জারি করা নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








