সহিংসতার ক্ষত কাটিয়ে ছায়ানটে ফিরছে প্রাণের স্পন্দন
ছবি: সংগৃহীত
ভয়াল সহিংসতার ক্ষত কাটিয়ে আবারও ছায়ানটে ফিরছে সুর ও প্রাণের স্পন্দন। আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশের শীর্ষস্থানীয় এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হচ্ছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই শিশুদের কলকাকলিতে মুখরিত হবে ঐতিহ্যবাহী এই প্রাঙ্গণ।
বুধবার (৩১ ডিসেম্বর) ছায়ানটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে সংগীত-বিদ্যায়তনসহ ছায়ানটের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। তবে সংগীত-বিদ্যায়তনের নিয়মিত ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে।
এদিকে, ছায়ানট পরিচালিত সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ‘নালন্দা’-র কার্যক্রমও বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় নতুন বছরের পাঠ্যবই শিশুদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে শুরু হবে শিক্ষা কার্যক্রম। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আরও পড়ুন: স্থির প্রত্যয় যাত্রায় অবিচল থাকার শানিত শপথ ছায়ানটের
গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অরাজকতার জেরে ছায়ানট ভবনে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ভবনের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান বাদ্যযন্ত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গত ২০ ডিসেম্বর ধানমণ্ডি থানায় অজ্ঞাতনামা ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর ধানমণ্ডিতে ছায়ানট ভবনের সামনে আয়োজন করা হয়েছিল ‘গানে গানে সংহতি সমাবেশ’। শত শত শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী সেখানে সমবেত হয়ে সংগীতের মূর্ছনায় সহিংসতার কঠোর নিন্দা জানান। সমাবেশ থেকে বাঙালি সংস্কৃতিচর্চার ওপর এমন বীভৎস হামলা বন্ধের দাবি জানানোর পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সব বাধা পেরিয়ে আবারও শিশুদের পদচারণা আর সংগীতের সুরে ছায়ানট তার আপন মহিমায় ফিরবে—এমনটাই প্রত্যাশা সংস্কৃতিপ্রেমীদের।
নিউজবাংলাদেশ.কম/পলি








