স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ৮ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৮, ৮ জুলাই ২০২৬

বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহরের এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম।

সোমবার (৬ জুলাই) ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক বাসযোগ্য শহরের তালিকায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে ৪২ স্কোর। ঢাকার নিচে রয়েছে শুধু লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।

অন্যদিকে, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। শহরটির স্কোর ৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা (৯৭), তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং চতুর্থ স্থানে সিডনি।

শীর্ষ দশে সবচেয়ে বেশি তিনটি শহর রয়েছে অস্ট্রেলিয়ার। এ ছাড়া জাপানের টোকিও ও ওসাকা, সুইজারল্যান্ডের দুটি এবং কানাডার একটি শহরও তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে।

ইআইইউ পাঁচটি সূচকের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং তৈরি করেছে। এগুলো হলো- স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।

ঢাকা স্থিতিশীলতায় ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোয় মাত্র ২৭ স্কোর পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা খাতে তুলনামূলক ভালো অবস্থান থাকলেও অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং নগর ব্যবস্থাপনার দীর্ঘস্থায়ী দুর্বলতার কারণে ঢাকার বাসযোগ্যতা ক্রমাগত অবনতি হচ্ছে।

ইআইইউ জানিয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক গড় বাসযোগ্যতার স্কোর ৭৬ দশমিক ১-এ অপরিবর্তিত রয়েছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত, স্থিতিশীলতার সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে, চীন ও জাপানের স্বাস্থ্যসেবা ও নগর উন্নয়নের অগ্রগতি এশিয়ার সামগ্রিক অবস্থানকে শক্তিশালী করেছে।

দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ১৭০তম অবস্থানে রয়েছে, যা ঢাকার ঠিক এক ধাপ ওপরে।

ইআইইউর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার অবস্থানের ধারাবাহিক অবনতি হয়েছে। ২০২৩ সালে ঢাকার অবস্থান ছিল ১৬৬তম, ২০২৪ সালে ১৬৮তম এবং ২০২৫ ও ২০২৬ সালে ১৭১তম।

আরও পড়ুন: কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

এবারও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরান নেমে এসেছে ১৬৪তম এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ রয়েছে ১৬৬তম স্থানে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়