জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ৮ জুলাই ২০২৬

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশের রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি বুধবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ভোর থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।

রেলওয়ে জানিয়েছে, আটকে পড়া যাত্রীরা চাইলে চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে ইচ্ছুক, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

আরও পড়ুন: এক সপ্তাহে নদীগর্ভে বিলীন ৩৫০ বিঘা আবাদি জমি

বাংলাদেশ রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়