সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জুন) সকালে এই সহিংস ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় আধিপত্য বজায় রাখা নিয়ে হামিদ ও রাসেল নামের দুটি স্থানীয় প্রভাবশালী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্রপাত মূলত বৃহস্পতিবার গভীর রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হওয়া কথা-কাটাকাটি থেকে। সেই উত্তেজনার রেশ ধরেই শুক্রবার সকালের দিকে রাসেল গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে হামিদ গ্রুপের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হামিদ গ্রুপের কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষটি আরও তীব্র আকার ধারণ করে। এ সময় সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে হত্যা, অভিযুক্তও আশঙ্কাজনক
সহিংসতায় আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের সঠিক সংখ্যা নিয়ে কিছুটা মতপার্থক্য থাকলেও স্থানীয় সূত্রমতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো পক্ষই থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে বা তদন্তসাপেক্ষে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুরো এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে যাতে পুনরায় কোনো উত্তেজনার সৃষ্টি না হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








