শ্যামলী বেবি কেয়ারে সিলিন্ডার বিস্ফোরণের গুজব, সত্যতা যাচাইয়ের আহ্বান
ছবি: নিউজবাংলাদেশ
রাজধানীর শ্যামলী বেবি কেয়ার ও জেনারেল হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডারের ক্ষুদ্র লিকেজ থেকে ধোঁয়াসদৃশ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং হাসপাতালের সকল নবজাতকসহ রোগীরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিলিন্ডারের লিকেজ থেকে সামান্য পরিমাণ অক্সিজেন নির্গত হওয়ার পর নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালের এনআইসিইউ (NICU) ইউনিটে থাকা সকল নবজাতককে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের দ্বিতীয় এনআইসিইউ ইউনিটে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যমতে, “আলহামদুলিল্লাহ, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো শিশু, রোগী, স্বজন কিংবা হাসপাতালের কোনো ধরনের জানমালের ক্ষতি হয়নি। পরিস্থিতি শুরু থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।”
বর্তমানে হাসপাতালের সকল চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালের রেফার রোগীদের চিকিৎসায় জরুরি নির্দেশনা
এদিকে, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে অতিরঞ্জিত করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু মহল ঘটনাটি নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, যাচাই-বাছাই না করে কোনো অসত্য তথ্য বিশ্বাস বা প্রচার করবেন না।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, রোগীদের নিরাপত্তা ও সেবার মান বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
শ্যামলী বেবি কেয়ার ও জেনারেল হাসপাতালে বিস্ফোরণের বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মাহফুজ বলেন, কোন বিস্ফোরণের সংবাদ আমরা পাইনি, কোন বিস্ফোরণওতো হয়নি। একটা রুমের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডারের গ্যাস লিকেজ হয়েছিল। আর একটি শিশু মারা গেছে, সে কয়েকদিন ধরে আইসিইউতে সেটা হামের সমস্যা। কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার মিল নাই।
কোনো তথ্য সম্পর্কে নিশ্চিত হতে সরাসরি হাসপাতালে যোগাযোগ করার বা তাদের অফিসিয়াল মাধ্যমগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রোগীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








