রাজশাহীতে পেঁয়াজের দরপতন, লোকসানের মুখে কৃষক
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেঁয়াজের বাজারে ব্যাপক দরপতনে বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, সংরক্ষণজনিত ক্ষতি এবং বাজারে অস্বাভাবিক মূল্যহ্রাসের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
কৃষকদের অভিযোগ, অন্যান্য বছর এ সময়ে প্রতি মণ পেঁয়াজ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে জাতভেদে মাত্র ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের।
বানেশ্বর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক আব্দুল মমিন বলেন, গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। এক মণ পেঁয়াজ বিক্রি করে এখন মাত্র এক কেজি গরুর মাংস কেনা যায়।
কৃষকদের দাবি, দীর্ঘদিন সংরক্ষণে রাখার ফলে পেঁয়াজ শুকিয়ে ওজনে কমে যাচ্ছে, অনেক পেঁয়াজ পচেও নষ্ট হচ্ছে। এর সঙ্গে বাজারে ওজন নিয়ে কারসাজির অভিযোগও রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এ বছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। সংরক্ষণে সমস্যা হওয়ায় কৃষকরা দ্রুত বেশি পরিমাণে পেঁয়াজ বিক্রি করছেন, ফলে দাম আরও কমে যাচ্ছে।
আরও পড়ুন: ২০ লাখ ৬০ হাজার মেট্রিক টন ছাড়ালো খাদ্যশস্যের মজুত
পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, বাজারে পেঁয়াজের জোগান বেশি থাকায় দাম কমেছে। অতিরিক্ত আমদানিও এর একটি কারণ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে দাম কিছুটা বাড়তে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








