নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৮, ২৬ জুন ২০২৬

‘নকল ও অনিয়মে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

‘নকল ও অনিয়মে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ সতর্কবার্তা উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্রসচিবদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। 

শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বা কেন্দ্রে নকলের ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে দায়বদ্ধতা এড়ানোর সুযোগ থাকবে না। নকলের ঘটনা ঘটলে দায়ভার সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্রসচিবের ওপর বর্তাবে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কঠোর নির্দেশনা প্রদান করে শিক্ষামন্ত্রী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং তা কেন্দ্রপ্রধানের মাধ্যমে নিয়মিত মনিটর করার নির্দেশ দিয়েছেন। 

প্রশ্নপত্র ফাঁস কিংবা এ সংক্রান্ত যেকোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক মন্তব্য বা অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, যারা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে বা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নৈতিক অবস্থান ও দায়িত্ববোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। 

তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিজেদের সন্তানরা পড়াশোনা করে না, সেইসব প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন আদর্শ শিক্ষকের মূল দায়িত্ব হলো তার প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো দেখা এবং তাদের মেধার বিকাশে আন্তরিক হওয়া। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিবগণ উপস্থিত ছিলেন। আলোচনার মূল সুর ছিল এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়