তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩২, ২৪ জুন ২০২৬

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম

ছবি: সংগৃহীত

হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাটে বিশ্বজুড়ে সেবা ব্যাহত হয় মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের। এতে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন। তবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর ধীরে ধীরে স্বাভাবিক হয় দুই প্ল্যাটফর্মের সেবা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টার দিকে সমস্যার শুরু হয়। এ সময় ইনস্টাগ্রামে ছবি লোড না হওয়া, ফিড রিফ্রেশে সমস্যা, প্রোফাইল না দেখা যাওয়াসহ বিভিন্ন ত্রুটি দেখা দেয়। ফেসবুক ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার অভিযোগ করেন।

যদিও প্ল্যাটফর্ম দুটি পুরোপুরি অচল হয়ে যায়নি, তবে অনেক ব্যবহারকারী লগইন ও কনটেন্ট লোডিং সমস্যার সম্মুখীন হন।

প্রযুক্তি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, সার্ভার সংযোগজনিত সমস্যার কারণেই এ বিভ্রাট ঘটে। ফলে ফিড আপডেট, টাইমলাইন রিফ্রেশ এবং লগইন প্রক্রিয়ায় বিঘ্ন দেখা দেয়।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা এবং যুক্তরাজ্যের সময় রাত ১০টার দিকে সমস্যাটি শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানান।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ

তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি মেটা।

উল্লেখ্য, এর আগেও গত ১২ জুন ফেসবুকে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সেবার প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়