সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করা সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক।
অধিদপ্তর জানায়, সম্প্রতি কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট ও মন্তব্য করছেন, যা প্রচলিত নির্দেশিকার পরিপন্থি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
নির্দেশনায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর বা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার, আপত্তিকর পোস্ট দেওয়া কিংবা এসব পোস্ট শেয়ার করাও সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন।
এ ধরনের কর্মকাণ্ডকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত মনিটরিং কমিটিগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিগুলোকে প্রতি মাসে অন্তত একটি সভা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গৃহীত ব্যবস্থার বিস্তারিত প্রতিবেদন অধিদপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








