জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১১, ১৭ জুন ২০২৬

মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য ইমনসহ গ্রেফতার ৩

মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য ইমনসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।

র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম সক্রিয় গ্যাং হিসেবে চিহ্নিত।

র‍্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় বিপ্লব ও হৃদয় নামে দুই ভাই গাড়িতে করে বাসায় ফেরার পথে পল্লবীর একটি মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭-৮ জন তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মারধর করা হয়।

ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ইমনসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

নুরাঙ্গীর নাহিদ বলেন, তদন্তে ‘ভইরা-দে গ্রুপের’ সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে সক্রিয় অন্যান্য কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়