স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৯, ১৯ জুন ২০২৬

ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম পর্যায়ে রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ডিএমপির সঙ্গে সমন্বয় করবে ঢাকার দুই সিটি করপোরেশন।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভা সূত্রে জানা গেছে, প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয় করতে ধাপে ধাপে আধুনিকায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বরাদ্দ বা বিশেষ তহবিলের প্রয়োজন হবে না। সংশ্লিষ্টদের মতে, পুলিশের নিজস্ব তহবিল থেকেই এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।

দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব সিগন্যাল বাতি তৈরি করেছে। সিগন্যালগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যায়।

সিগন্যাল স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ঢাকার দুই সিটি করপোরেশন। নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ এবং পুরো কার্যক্রম সমন্বয় করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

আরও পড়ুন: পরীমণির সঙ্গে অন্তরঙ্গতা: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চলতি বছরের ৭ মে পরীক্ষামূলকভাবে এসব ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ডিএমপি। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে।

পুলিশ ও বিশেষজ্ঞদের মতে, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং যান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়