বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৬:১৫, ১৯ জুন ২০২৬

প্রকাশ্যে ধানুশের ‘ওম’-এর ফার্স্ট লুক, ৮ বছর পর সাই পল্লবীর সঙ্গে জুটি

প্রকাশ্যে ধানুশের ‘ওম’-এর ফার্স্ট লুক, ৮ বছর পর সাই পল্লবীর সঙ্গে জুটি

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ধানুশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওম’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ছবির পরিচালক রাজকুমার পেরিয়াসামি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম ঝলক শেয়ার করেন।

পোস্টারটি প্রকাশ করে নির্মাতা লেখেন, উপস্থাপন করছি ‘ওম’-এর প্রথম ঝলক। পর্দায় তাঁর আগমন মানেই ধ্বংসের আগুন।

প্রকাশিত টিজারে ধানুশকে এক বিধ্বংসী রূপে দেখা গেছে। আভাস মিলেছে, তিনি একজন ত্রাতার ভূমিকায় অভিনয় করছেন। রাতের আঁধারে একদল মানুষকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে একাই লড়াই করতে দেখা যায় তাকে।

অ্যাকশনধর্মী এ সিনেমায় ধানুশের পাশাপাশি অভিনয় করছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি, সাই পল্লবী এবং শ্রীলীলা।

ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন রাজকুমার পেরিয়াসামি। সংগীত পরিচালনা করেছেন সাই অভয়ঙ্কর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’।

এর আগে গত ফেব্রুয়ারিতে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান উন্ডারবার ফিল্মস সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মহরতের ছবি শেয়ার করে লিখেছিল, “একটি হাসিখুশি ও শক্তিশালী শুরু।”

‘ওম’-এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় আবারও জুটি বাঁধছেন সাই পল্লবী ও ধানুশ। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারি ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ, আবেগঘন বার্তা সামান্থার

ধানুশকে সর্বশেষ দেখা গেছে ‘কারা’ সিনেমায়। ভিগনেশ রাজা পরিচালিত এ ছবিতে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সংকটের ওপর যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়