মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ, আবেগঘন বার্তা সামান্থার
ছবি: সংগৃহীত
নিজের আসন্ন তেলুগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রচারের অংশ হিসেবে সম্প্রতি চেন্নাই সফরে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সাবেক সহ-অভিনেতা বিজয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
পরে ইনস্টাগ্রামে বিজয়ের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন সামান্থা। সেখানে তিনি লেখেন, চেন্নাইয়ে পৌঁছানোর পর থেকেই তিনি বিশেষ এক আনন্দ অনুভব করছিলেন, কারণ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
সামান্থার ভাষায়, আমার সবসময়ই মনে হয়েছে, বিজয় স্যার শুধু পর্দার নায়ক হওয়ার জন্য জন্মাননি। তার ব্যক্তিত্ব, উপস্থিতি এবং মানুষের ভালোবাসা দেখে মনে হয়েছে তিনি আরও বড় কোনো দায়িত্ব পালনের জন্য তৈরি।
বিজয়ের রাজনৈতিক যাত্রার সাহসিকতারও প্রশংসা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, একটি সফল অবস্থান ছেড়ে সম্পূর্ণ নতুন একটি ক্ষেত্রে পদার্পণ করা সহজ নয়। মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনার বিশ্বাস থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
সামান্থা আরও লেখেন, জীবনের কোনো না কোনো সময়ে মানুষ নিজের সীমার বাইরে গিয়ে সমাজের জন্য কিছু করার তাগিদ অনুভব করে। তবে খুব কম মানুষই সেই আহ্বানে সাড়া দিতে পারেন।
পোস্টের শেষাংশে বিজয়ের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “তার জন্য শক্তি, প্রজ্ঞা এবং নিজের পথে অটল থাকার সাহস কামনা করছি।” একই সঙ্গে তরুণদের উদ্দেশে তিনি বলেন, জীবনের স্বপ্ন অনেক সময় আমাদের কল্পনার চেয়েও বড় হতে পারে।
উল্লেখ্য, বিজয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। তিনি ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান। এরপর থেকে তিনি তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনার জয়যাত্রা, মুগ্ধতায় ভাসলেন বুবলী
অন্যদিকে, ‘মা ইন্তি বাঙ্গারাম’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাকুন্তলম’ ও ‘খুশি’র পর সামান্থার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা। ছবিটি আগামী ১৯ জুন মুক্তি পাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজবাংলাদেশ.কম/এসবি








