স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ১৮ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১৮ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের ফেরানোর কথা বললেন বিএবি চেয়ারম্যান

ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের ফেরানোর কথা বললেন বিএবি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কোনো প্রকৃত মালিককে যদি অন্যায়ভাবে মালিকানা থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকে, তবে তাদের পুনরায় মালিকানায় ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুল হাই সরকার বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভালো ট্র্যাক রেকর্ড এবং ব্যাংকের উন্নয়ন ও স্থিতিশীলতায় কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা থাকতে হবে। ব্যাংককে আরও শক্তিশালী ও সচল করাই সবার লক্ষ্য। সে লক্ষ্যে প্রয়োজন হলে যোগ্য ও অভিজ্ঞ পুরোনো মালিকদের আবারও দায়িত্ব পালনের সুযোগ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ব্যাংক-সংক্রান্ত আইন ও বিধিবিধান পুনর্বিবেচনা করা প্রয়োজন। অতীতে কারও অপরাধের দায় ভবিষ্যতের সৎ ও যোগ্য উদ্যোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

বিএবি চেয়ারম্যানের মতে, নিয়ম-কানুন উপেক্ষা করে প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়া স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নয়; এটি এক ধরনের লুটপাট। এ ধরনের কর্মকাণ্ডের কারণে একসময়কার সুস্থ ও শক্তিশালী ব্যাংক দুর্বল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, যেসব উদ্যোক্তার একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতা রয়েছে, তাদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হলে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সম্প্রসারণ বাধাগ্রস্ত হতে পারে। দেশের ব্যাংকিং খাতের কিছু আইন ও বিধান বর্তমানে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার

এদিকে একই দিন ইসলামী ব্যাংক টাওয়ারে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ড. এম কামাল উদ্দীন জসিম।

সর্বশেষ

পাঠকপ্রিয়