স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ১৮ জুন ২০২৬

দেশে আবারও কমল স্বর্ণের দাম

দেশে আবারও কমল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করলে ভ্যাটসহ দাম দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

বাজুস জানিয়েছে, এবার থেকে ভ্যাটসহ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরিও প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। রুপার ভ্যাট বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে ১৩ জুন স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের ফেরানোর কথা বললেন বিএবি চেয়ারম্যান

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়