রেসিডেন্সি ও ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন আনল কাতার
ছবি: সংগৃহীত
প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (আকামা) বাতিল হওয়ার পর বৈধভাবে অবস্থানের সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়।
এয়ারপোর্ট পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আগে আকামা বাতিল হওয়ার পর প্রবাসীরা ৩০ দিন পর্যন্ত কাতারে অবস্থান করতে পারতেন। নতুন নিয়মে সেই সময়সীমা কমিয়ে দুই সপ্তাহ করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, আকামা বাতিলের পর ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রতিদিন ১০ কাতারি রিয়াল হারে বিলম্ব জরিমানা দিতে হবে।
একই সঙ্গে কাতারে আগত পর্যটক ও দর্শনার্থীদেরও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অবস্থানের সময়সীমা সতর্কতার সঙ্গে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল হারে জরিমানা গুনতে হবে।
ভ্রমণ জটিলতা এড়াতে দেশ ছাড়ার আগে ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজ নিজ আইনি অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ট্রাফিক জরিমানা, ওভারস্টে ফি বা সরকারি বকেয়া থাকলে বিমানবন্দরে যাওয়ার আগেই তা পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মেট্রাশ অ্যাপের মাধ্যমে নতুন পাসপোর্টে রেসিডেন্সি পারমিট স্থানান্তরের সুবিধাও পাওয়া যাবে।
বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনালে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে।
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ
অন্যদিকে, কাতারে জন্ম নেওয়া নবজাতকের ক্ষেত্রে জন্মের পর তা পাসপোর্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে শিশুর বাবার স্পন্সরশিপের আওতায় রেসিডেন্সি পারমিট নিশ্চিত করতে হবে। সূত্র: গালফ নিউজ
নিউজবাংলাদেশ.কম/এসবি








